জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্নির্মাণে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী-দমদমা সড়কের ধসে যাওয়া অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, সড়কের প্রায় তিন কিলোমিটার অংশ খালের পাশ দিয়ে গেছে, যার মধ্যে প্রায় ৮৩ মিটার অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচের মাটির দুর্বলতার কারণে ওই অংশে ধসের ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সড়ক নির্মাণের সময় পার্শ্ববর্তী কবরস্থানের প্রতি সম্মান দেখাতে গিয়ে রাস্তার অ্যালাইনমেন্ট খালের দিকে কিছুটা সরানো হয়েছিল। এতে করে একটি অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কবরস্থানটি সরানো সম্ভব ছিল, পাশাপাশি জমি অধিগ্রহণের সুযোগও ছিল। কিন্তু স্থানীয় কিছু জটিলতার কারণে, যেমন গাছ কাটা নিয়ে আপত্তি, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এলজিইডির ভূমিকার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে পরিকল্পনা প্রক্রিয়া আরও শক্তিশালী করা হবে। ক্ষতিগ্রস্ত সড়কটি টেকসই ও মজবুতভাবে পুনরায় নির্মাণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঁইয়া, এলজিইডির ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক বাবুল আখতারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয়রা আশা করছেন, নতুন পরিকল্পনা অনুযায়ী দ্রুত কাজ শুরু হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
Leave a Reply