ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল মিসর। তবে মাঠের লড়াই শুরুর আগেই আত্মবিশ্বাসী বার্তা দিয়েছে মিসর। লিওনেল মেসির আর্জেন্টিনাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা।
রাউন্ড অব ৩২-এর ম্যাচে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ আটের পথে এক ধাপ এগিয়েছে মিসর। সেই ম্যাচে দলের হয়ে শেষ ও গুরুত্বপূর্ণ শটটি নিয়েছিলেন অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে প্রতিটি ম্যাচকে বিশেষ গুরুত্ব দিয়ে খেলছেন তিনি।
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে সালাহ বলেন, ‘এটি আমার শেষ বিশ্বকাপ কি না, আমি জানি না। তাই প্রতিটি ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছি। আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে এটি।’
সালাহর নেতৃত্ব ও অভিজ্ঞতার ওপর পূর্ণ আস্থা রাখছেন মিসরের টিম ডিরেক্টর ইব্রাহিম হাসান। ইংলিশ প্রিমিয়ার লিগে অসংখ্য রেকর্ডের মালিক এবং চারবার গোল্ডেন বুট জয়ী এই ফরোয়ার্ডকে প্রতিপক্ষের জন্য বড় হুমকি হিসেবে দেখছেন তিনি।
ইব্রাহিম হাসান বলেন, ‘আমরা মেসিকে নিয়ে ভাবছি না। আমাদের খেলোয়াড়দের বলেছি নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে। মাঠে নেমে দেখিয়ে দিতে হবে আমরা কী করতে পারি।’
তিনি আরও বলেন, ‘ওদের দলে মেসি আছে, আমাদের দলে সালাহ আছে। সে যেকোনো ম্যাচের চিত্র একাই বদলে দিতে পারে। আমাদের দলের প্রতিটি খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে মিসরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
স্কালোনি বলেন, ‘মিসর খুব ভালো দল। তারা নিজেদের যোগ্যতা দিয়েই এই পর্যায়ে এসেছে। সামনে আরেকটি কঠিন ম্যাচ অপেক্ষা করছে। আমাদের লক্ষ্য একটাই—জয়।’
দলের একাদশে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন আর্জেন্টাইন কোচ। যারা আগের ম্যাচগুলোতে কম সুযোগ পেয়েছেন, তাদের কয়েকজনকে মাঠে নামানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।
স্কালোনি বলেন, ‘কাদের খেলাব, সেটি এখনই বলা যাবে না। তবে কিছু খেলোয়াড় আছে যারা বেশি বিশ্রামে ছিল এবং মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত।’
এদিকে নিজেদের আগের ম্যাচগুলোর পারফরম্যান্স নিয়েও সতর্ক আর্জেন্টিনা। রক্ষণভাগে কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন স্কালোনি। বিশেষ করে প্রতিপক্ষকে দ্রুত আক্রমণের সুযোগ না দেওয়ার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন তিনি।
সব মিলিয়ে একদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মেসির নেতৃত্ব, অন্যদিকে সালাহর স্বপ্নপূরণের শেষ সুযোগ—দুই দলের লড়াই ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। কোয়ার্টার ফাইনালের পথে কে এগিয়ে যাবে, তা জানতে অপেক্ষা এখন মাঠের লড়াইয়ের।
Leave a Reply