তিস্তা টিভি ডেস্ক
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কোনো শিক্ষক যদি নির্বাচনে অংশ নিতে চান, তবে তাকে অবশ্যই চাকরি থেকে পদত্যাগ করতে হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত “গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপ্লায়ার গ্রান্ট ফর বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, শিক্ষকদের মূল দায়িত্ব শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকা। তাই তাদের পেশাগত দায়িত্বের পাশাপাশি রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি স্পষ্টভাবে আলাদা করা প্রয়োজন। এ কারণে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের সুপারিশ করা হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সরকার শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে, যাতে দেশের শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা যায়। এই বিনিয়োগের সঠিক ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে তিনি দাতা সংস্থাগুলোর প্রতি বাংলাদেশের শিক্ষা খাতে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রাপ্ত অর্থ যেন সঠিকভাবে ব্যবহৃত হয়, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত ও অর্থবহ পরিবর্তন আনার অংশ হিসেবে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনেস্কোর প্রতিনিধিরা।
এছাড়া চলতি বছরে ইউনেস্কো ও ইউনিসেফের গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) কর্মসূচির আওতায় বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদনের বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
Leave a Reply