তিস্তা টিভি ডেস্ক
দেশের প্রত্যন্ত ও গ্রামীণ পর্যায়ের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজে পৌঁছে দিতে চলতি বছর থেকেই নতুন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন বাজেট কার্যকরের সঙ্গে সঙ্গেই গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিস্তারের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই এ উদ্যোগের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। বিশেষ করে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে দেশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশের ওষুধ শিল্পের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে উৎপাদিত ওষুধের মান আন্তর্জাতিক পর্যায়ের। দেশের তৈরি অনেক ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং সেসব দেশের মানুষও এগুলো ব্যবহার করে সন্তুষ্টি প্রকাশ করছেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্য খাতে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগে সরকার উৎসাহ দিচ্ছে। এবারের বাজেটেও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে সুযোগ-সুবিধা ও প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে দক্ষ ও সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরি হয়েছে। সঠিক নীতিমালা, উপযুক্ত পরিবেশ এবং প্রয়োজনীয় সহায়তা পেলে দেশের উদ্যোক্তারা আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ভূমিকা রাখতে পারবেন।
অর্থমন্ত্রী আরও বলেন, যেকোনো উন্নয়ন কার্যক্রম সফল করতে দক্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের অগ্রগতির জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সরকার কাজ করছে। গ্রাম থেকে শহর—সব মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।
Leave a Reply