তিস্তা টিভি ডেস্ক
দেশব্যাপী শুরু হওয়া জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শিশুদের জন্য সরবরাহ করা ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুণগত মান নিয়ে অভিভাবকদের আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, আন্তর্জাতিক মান যাচাইয়ের সব ধাপ সম্পন্ন করার পর ইউনিসেফের মাধ্যমে দেশে আনা হয়েছে এবারের ক্যাপসুল, ফলে এর মান নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
রোববার (২৮ জুন) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের কর্মসূচির আওতায় দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের কাছে লাল ও নীল রঙের প্রায় ২ কোটি ৬০ লাখ ক্যাপসুল মজুত রয়েছে, যা সারা দেশের চাহিদা পূরণে যথেষ্ট।
তিনি বলেন, ক্যাম্পেইনটি শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কোনো শিশু যদি প্রথম দিনে ক্যাপসুল গ্রহণ করতে না পারে, তাহলে পরবর্তী কয়েকদিনেও তাকে এই সেবা দেওয়া হবে। সর্বোচ্চ চার দিন পর্যন্ত কার্যক্রম চালিয়ে নিশ্চিত করা হবে, যাতে কোনো শিশুই এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।
ক্যাপসুলের নিরাপত্তা ও মান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিটি ক্যাপসুল আন্তর্জাতিক পরীক্ষাগারে মান যাচাইয়ের পর ইউনিসেফের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। ফলে এগুলো সম্পূর্ণ নিরাপদ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।
তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ শুধু একটি পুষ্টি উপাদান নয়, এটি শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণের মাধ্যমে রাতকানা বা অন্ধত্বের ঝুঁকি কমে, পাশাপাশি হামসহ বিভিন্ন সংক্রমণজনিত জটিলতা থেকেও শিশুদের সুরক্ষা দেওয়া সম্ভব।
এ কারণে তিনি দেশের সব অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে অবশ্যই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। শিশুদের সুস্থ বিকাশ ও পুষ্টি নিশ্চিত করতে এ কর্মসূচিতে সবার সহযোগিতা প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলীসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply