তিস্তা টিভি ডেস্ক
প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এই নিয়োগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কাছে দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যেই সরকার বড় পরিসরে নতুন জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত এই নিয়োগে প্রায় ৮০ শতাংশ নারী স্বাস্থ্যকর্মী রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা, রোগ প্রতিরোধ এবং মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এসব স্বাস্থ্যকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। হাসপাতালগুলোর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চিকিৎসা সেবার পরিধিও বাড়ানো হবে।
পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আধুনিক প্যাথলজি বিভাগ স্থাপন এবং নবজাতকের মায়েদের জন্য মাতৃদুগ্ধ পান করানোর উপযোগী বিশেষ ব্যবস্থা রাখার পরিকল্পনাও রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার সুযোগ বাড়বে এবং জটিল রোগের চিকিৎসার জন্য মানুষের শহরমুখী চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply