তিস্তা টিভি ডেস্কঃ
পবিত্র রমজান মাস সামনে রেখে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির অভিযোগ, ব্যবসায়ীদের চাপের মুখে সাধারণ ভোক্তাদের স্বার্থ উপেক্ষা করে সরকার সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এসব কথা বলেন।
তিনি বলেন, রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের চরম দায়িত্বহীনতার পরিচয়। ১৮ কোটি ভোক্তার স্বার্থ বিবেচনায় না নিয়ে ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, দাম বাড়ানোর প্রস্তাব বাস্তবায়নে সরকারকে চাপের মুখে ফেলতে আমদানিকারকেরা তেলের সরবরাহ সীমিত করে পরিস্থিতি তৈরি করেছেন।
ক্যাবের এই নেতা আরও বলেন, তৈরি পোশাকশ্রমিকসহ সীমিত আয়ের মানুষ আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চাপে রয়েছেন। এর মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। পাশাপাশি রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে।
তিনি বলেন, রমজান সামনে রেখে কয়েক সপ্তাহ ধরেই ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীরা নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন। সর্বশেষ ২০২২ সালে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব দেখিয়ে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। কিন্তু এবার তেমন কোনো কারণ দৃশ্যমান না থাকলেও ব্যবসায়ীদের চাপে সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এস এম নাজের হোসাইন বলেন, সরকার যদি ১৮ কোটি ভোক্তার স্বার্থ বিবেচনা না করে শুধু ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে নীতিনির্ধারণ করে, তাহলে সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়বে। এর ফলে জনঅসন্তোষ ও বিক্ষোভের পরিস্থিতি তৈরি হতে পারে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
Leave a Reply