1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 7, 2026, 12:59 pm

সেনাবাহিনীর মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী, খোঁজ নিলেন প্রস্তুতির

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 19 Time View

তিস্তা টিভি ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর ইউনিটের প্রশিক্ষণ এলাকায় গিয়ে তিনি মাঠপর্যায়ের মহড়া, যুদ্ধ প্রস্তুতি ও সেনাসদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

 

প্রধানমন্ত্রী সকাল ৯টা ২০ মিনিটে প্রশিক্ষণ এলাকায় পৌঁছে পায়ে হেঁটে বিভিন্ন স্থাপনা ও মহড়ার স্থান ঘুরে দেখেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণের অগ্রগতি, কৌশলগত পরিকল্পনা এবং অপারেশনাল প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন।

পরিদর্শনের সময় একটি কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়াসহ বিভিন্ন বাস্তবধর্মী সামরিক অনুশীলন প্রত্যক্ষ করেন। যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, আক্রমণ ও প্রতিরক্ষা কৌশল, আধুনিক সমরাস্ত্রের ব্যবহার এবং সমন্বিত যুদ্ধ প্রস্তুতির বিভিন্ন দিক তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

মহড়ার একপর্যায়ে প্রধানমন্ত্রী সেনা বাঙ্কারে নেমে প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তা ও সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। ছদ্মবেশে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন। মাঠপর্যায়ের প্রশিক্ষণের বাস্তব চিত্র সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।

সেনাসদস্যদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তাদের জন্য প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে চা পানকালে সদস্যদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতায় অংশ নেন। প্রধানমন্ত্রীর এমন উপস্থিতি ও সরাসরি মতবিনিময়ে মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

পরিদর্শন শেষে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনের সময় জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা, আধুনিক প্রশিক্ষণ এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সেনাবাহিনীর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV