1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 13, 2026, 1:42 pm

বাংলাদেশের বন্যার ছবি-ভিডিও দেখে মন খারাপ পাশে থাকার বার্তা পড়শীর

Reporter Name
  • Update Time : Monday, July 13, 2026
  • 20 Time View

বিনোদন ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। বন্যাকবলিত এলাকার ছবি ও ভিডিও দেখে কষ্ট পাওয়ার কথা জানিয়ে তিনি সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি দেশের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় বন্যার পানি ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও দেখা দিয়েছে পাহাড়ধসের মতো ভয়াবহ ঘটনাও। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ, বেড়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বন্যার্তদের জন্য সহমর্মিতা জানাচ্ছেন এবং সহযোগিতার আহ্বান জানাচ্ছেন।

পড়শী তার ফেসবুক পোস্টে লিখেছেন, দেশের বিভিন্ন এলাকার বন্যার ছবি ও ভিডিও দেখে তার মন খারাপ হয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন, আবার অনেক পরিবার খাবার ও বিশুদ্ধ পানির অভাবে কঠিন সময় পার করছে।

তিনি আরও বলেন, এই সংকটময় সময়ে সামর্থ্য অনুযায়ী সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। ছোট একটি সহায়তাও দুর্যোগে থাকা মানুষের জন্য বড় আশার কারণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বন্যাকবলিত এলাকার মানুষের নিরাপত্তা কামনা করে পড়শী সবাইকে আশপাশের মানুষের খোঁজ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তির প্রার্থনাও করেন তিনি।

এর আগে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরও অনেক তারকা। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নুসরাত ফারিয়া, তানজিম সাইয়ারা তটিনী, অভিনেতা ইরফান সাজ্জাদসহ বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার্তদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

তারকারা মনে করছেন, দুর্যোগের এই সময়ে সম্মিলিত উদ্যোগ ও মানবিক সহায়তাই ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV