1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 6, 2026, 5:46 pm

ব্রাজিলের বিদায়ে আবেগাপ্লুত তটিনী, বললেন ‘চিরকাল হৃদয়ে থাকবে’

Reporter Name
  • Update Time : Monday, July 6, 2026
  • 17 Time View

বিনোদন ডেস্ক

ফিফা বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর প্রিয় দলের জন্য নিঃশর্ত ভালোবাসা। তবে সেই ভালোবাসারই কঠিন পরীক্ষা আসে যখন প্রিয় দল হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের শেষ ষোলো থেকেই বিদায় কোটি কোটি সমর্থকের মতোই হতাশ করেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাকে।

সোমবার (৬ জুলাই) নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় সেলেসাওদের। আর সেই পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়ার ঢেউ ওঠে। সেই তালিকায় ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও।

প্রিয় দলের বিদায়ে হতাশ হলেও ভালোবাসায় কোনো ভাটা পড়েনি তার। বরং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে ব্রাজিলের প্রতি নিজের অটুট সমর্থনের কথা জানান এই অভিনেত্রী।

ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তটিনী লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যাকে আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সবসময় আমি আমার দলের সঙ্গেই থাকব।’

পোস্টের সঙ্গে প্রকাশিত ছবিটিও নজর কেড়েছে নেটিজেনদের। সেখানে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না আড়াল করার ভঙ্গিতে দেখা যায় তাকে। ছবিটি যেন ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়া লাখো সমর্থকের অনুভূতিরই প্রতীক হয়ে উঠেছে।

শুধু পোস্টেই নয়, কমেন্টবক্সেও একাধিক কান্নার ইমোজি ব্যবহার করে নিজের মন খারাপের অনুভূতি প্রকাশ করেন তটিনী। তার এই আবেগঘন পোস্টে সহকর্মী ও ভক্তরাও নানা মন্তব্য করেছেন। কেউ সান্ত্বনা দিয়েছেন, কেউ আবার লিখেছেন— ‘জয়-পরাজয় খেলাধুলারই অংশ, আবারও ঘুরে দাঁড়াবে ব্রাজিল।’

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রতিটি বিশ্বকাপেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামে। তাই এবার শেষ ষোলোর বাধাই পার হতে না পারায় সমর্থকদের হতাশা আরও বেড়েছে। তবে তটিনীর মতো অসংখ্য ব্রাজিল-ভক্তের বিশ্বাস, এই বিদায় সাময়িক; আগামী আসরে আরও শক্তিশালী হয়ে ফিরবে সেলেসাওরা।

তটিনীর পোস্টও যেন সেই অটুট সমর্থনেরই বার্তা দেয়— ফল যাই হোক, ব্রাজিলের প্রতি ভালোবাসা কখনো কমবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV