বিনোদন ডেস্ক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব পেয়েছে চলচ্চিত্র অঙ্গন। এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জনপ্রিয় অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।
শুক্রবার (৩ জুলাই) সারাদিন উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী পেয়েছেন ২৩৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় বলে জানায় নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই বিএফডিসি ছিল সরগরম। দুটি পূর্ণাঙ্গ প্যানেল—আরমান–মুক্তি পরিষদ এবং শিবা শানু–জয় চৌধুরী পরিষদ—নিয়ে চলেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি অনুষ্ঠান এবং ভোটারদের সঙ্গে মতবিনিময়ে জমে ওঠে পুরো এফডিসি এলাকা।
প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে এলেন সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী।
Leave a Reply