বিনোদন ডেস্ক
ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়েছেন কোটি কোটি সমর্থক। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরও, যিনি স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচ উপভোগ করে প্রিয় দলের পরাজয়ের সাক্ষী হন।
যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের হাইভোল্টেজ ম্যাচটি গ্যালারি থেকে দেখেন তিনি। ম্যাচে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেসাওরা।
ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে একটি ভিডিও পোস্ট করেন সাফা কবির। সেখানে ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা জড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। চোখে সানগ্লাস, মুখে বিষণ্ণতা— ভিডিওতে তিনি বলেন, “এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ আমরা আবার আসব।”
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “ইনশাআল্লাহ নেক্সট টাইম”— সঙ্গে ছিল একটি ভাঙা হৃদয়ের ইমোজি। তার এই আবেগঘন প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
এর আগে ম্যাচ চলাকালেই গ্যালারি থেকে তোলা একটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে তিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে তিনি শুধু প্রিয় দলকে সমর্থনই নয়, বাংলাদেশের ফুটবল নিয়েও নিজের স্বপ্নের কথা তুলে ধরেন।
তিনি লেখেন, একদিন যেন বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে খেলতে পারে— সেই প্রত্যাশা নিয়েই তিনি গ্যালারি থেকে ব্রাজিলকে সমর্থন করছেন। তার এই মন্তব্য ফুটবলপ্রেমীদের মাঝেও ইতিবাচক আলোচনা তৈরি করে।
মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। আর প্রিয় দলের বিদায়ে সাফা কবিরের আবেগঘন প্রতিক্রিয়া ভক্তদের নজর কাড়ে।
উল্লেখ্য, একই স্টেডিয়াম থেকে ব্রাজিলের ম্যাচ উপভোগ করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।
Leave a Reply