1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 11, 2026, 3:11 pm

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026
  • 20 Time View

জেলা প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর তিন নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা ওই তিন ব্যক্তিকে নিয়ে সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

শনিবার (১১ জুলাই) ভোরে পাটগ্রাম সদর ইউনিয়নের ধবলসূতি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানিয়েছে, বর্তমানে ওই তিন ব্যক্তি কাঁটাতারের প্রায় ১৫০ গজ ভেতরে ভারতের অংশে অবস্থান করছেন।

স্থানীয় সূত্র ও বিজিবির তথ্য অনুযায়ী, ভোর পৌনে ৫টার দিকে পাটগ্রাম সদর ইউনিয়নের ধবলসূতি গ্রামের বিপরীতে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার খরখড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, সীমান্তের ৮৩৩ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৯-এর কাছাকাছি এলাকায় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা তিন ভারতীয় নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি ধবলসূতি বিজিবি ক্যাম্পের টহল দলের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ সদস্যদের সতর্ক করে।

বিজিবির পক্ষ থেকে আপত্তি জানানো হলে বিএসএফ সদস্যরা আর এগোতে পারেননি এবং ওই তিন নারীকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যান।

এ ঘটনায় সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বিজিবি। তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মনিম বিষয়টি নিয়ে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন।

বিজিবির পক্ষ থেকে বিএসএফকে অনুরোধ করা হয়েছে, পুশইনের মাধ্যমে সীমান্তে কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি না করে ওই ব্যক্তিদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে।

সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV