তিস্তা টিভি ডেস্ক
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের সাতটি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের দুর্যোগ মোকাবিলা কার্যক্রমকে শক্তিশালী করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পর সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাকবলিত সাতটি উপজেলায় মোতায়েন হয়েছেন। তারা দুর্গত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান, ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।
আইএসপিআর জানায়, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
Leave a Reply