তিস্তা টিভি ডেস্ক
দেশের আট বিভাগেই আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১১ জুলাই) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে এ সময় মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টিপাতের কারণে দেশের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে মধ্য উত্তর প্রদেশ ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে।
এ ছাড়া মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্র, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী অবস্থায় রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সেখানে ১৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির কারণে জলাবদ্ধতা, নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি এবং সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে।
Leave a Reply