তিস্তা টিভি ডেস্ক
ঢাকা: বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকারের লক্ষ্য কোনো দেশের অনুকরণ নয়; বরং বাংলাদেশের বাস্তবতা ও প্রয়োজন অনুযায়ী একটি সবুজ, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ নিশ্চিত করা।
শনিবার (১১ জুলাই) সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে চলমান বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশ অবৈধভাবে বর্জ্য ফেলা ও অব্যবস্থাপনার কারণে পরিবেশগত ঝুঁকিতে ছিল। দুর্গন্ধ, অপরিচ্ছন্নতা এবং জনদুর্ভোগের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তাৎক্ষণিকভাবে এলাকা পরিষ্কার ও পরিবেশ পুনর্বাসনের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা বাস্তবায়নে ঢাকা জেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার এলাকায় বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মহাসড়কের দুই পাশে নিমগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়িত হলে প্রায় দুই দশক ধরে বর্জ্যের কারণে দুর্গন্ধে আক্রান্ত ঢাকা-আরিচা মহাসড়কের ওই অংশ আবারও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রূপ ফিরে পাবে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে।
মীর শাহে আলম আরও বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি নেমে গেলেই প্রয়োজনীয় মেরামত কাজ শুরু হবে, যাতে মানুষের চলাচলে কোনো ভোগান্তি না থাকে।
পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনগণের সচেতনতার ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেখানে-সেখানে বর্জ্য ফেলার সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। নির্ধারিত ভাগাড় ছাড়া অন্য কোথাও ময়লা না ফেলার জন্য সাভার পৌর এলাকার বাসিন্দা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। তার মতে, সরকারের উদ্যোগ তখনই সফল হবে, যখন সাধারণ মানুষও পরিবেশ রক্ষায় সমানভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার সরকারি উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি জানান, আমিনবাজার ভাঙা ব্রিজসংলগ্ন প্রায় ১ দশমিক ২ কিলোমিটার এলাকায় বর্জ্য অপসারণের পর প্রায় ১৫ ফুট প্রশস্ত অংশে বালু ভরাট, নেটিং ও ব্যারিকেড নির্মাণ করে সেখানে নিমগাছের চারা রোপণ করা হবে। এতে পরিবেশের উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে অবৈধভাবে বর্জ্য ফেলা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুর রাফিউল আলম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, সহকারী কমিশনার (নেজারত শাখা) মো. আদনান জুলফিকার, সাভার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. মিনারুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
Leave a Reply