তিস্তা টিভি ডেস্ক
মাদ্রাসা শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়াতে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় অব্যবহৃত জমি কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। এসব জমিতে খেলার মাঠ তৈরির পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সম্প্রতি দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরও উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের শহর ও গ্রামীণ এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করার বিষয়ে একটি সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কোনো জমি অব্যবহৃত থাকলে তা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্ধারিত নকশা অনুসরণ করে খেলার মাঠে রূপান্তরের ব্যবস্থা করা হবে। এ জন্য যেসব জমিতে মাঠ তৈরি করা সম্ভব, সেসব জমির পরিমাণ, অবস্থান ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বর্তমানে যেসব মাঠ রয়েছে, সেগুলোও প্রয়োজন অনুযায়ী সংস্কার করে খেলাধুলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে মাঠ উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মাদ্রাসা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ তৈরি করা এবং তাদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা। এর অংশ হিসেবে শুধু মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ তৈরি হলে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীলতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
Leave a Reply