বিনোদন ডেস্ক
বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনের পরিচিত মুখ কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম, বিনোদন অঙ্গন এবং ভক্তদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
কারিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় কারিনার শারীরিক অবস্থা হঠাৎ সংকটাপন্ন হয়ে পড়ে। ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় তার রক্তচাপ দ্রুত কমে যায়। পরে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারেননি।
পরিবার ও চিকিৎসাসূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের Christian Medical College হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকরা প্রথমে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং পরবর্তীতে লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
চিকিৎসকদের ভাষ্যমতে, শুরুতে সাধারণ শারীরিক দুর্বলতা মনে হলেও পরে পরীক্ষায় তার শরীরে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। এরপর তিনি হেপাটাইটিস-এ আক্রান্ত হন। আগে থেকেই ‘ফ্যাটি লিভার’-এর সমস্যায় ভুগছিলেন কারিনা। সেই জটিলতার সঙ্গে সংক্রমণ যুক্ত হওয়ায় পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে এবং একপর্যায়ে তার লিভার ফেইলিউর হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যতিক্রমধর্মী কনটেন্ট, লাইফস্টাইল ভিডিও এবং অভিনয়ের মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। অল্প সময়েই তিনি নিজের আলাদা পরিচিতি তৈরি করেন। তার প্রাণবন্ত উপস্থাপনা, হাস্যোজ্জ্বল উপস্থিতি এবং সৃজনশীল কাজ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। বিভিন্ন অনলাইন নাটক, শর্ট ভিডিও ও ব্র্যান্ড প্রচারণাতেও তিনি নিয়মিত কাজ করতেন।
কারিনার অকাল মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। অনেকেই তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলছেন, প্রাণবন্ত ও স্বপ্নবাজ এই তরুণীর চলে যাওয়া দেশের ডিজিটাল বিনোদন অঙ্গনের জন্য বড় ক্ষতি।
Leave a Reply