বিনোদন ডেস্ক
সম্পর্ক নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে মেয়েদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, কোনো বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক তো দূরের কথা, অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতাও এড়িয়ে চলা উচিত।
প্রভার ভাষ্য, অনেক বিবাহিত পুরুষ সংসারের অশান্তি, দাম্পত্য কলহ কিংবা সন্তানের দায়িত্বের অজুহাত দেখিয়ে অন্য নারীর সহানুভূতি অর্জনের চেষ্টা করেন। কিন্তু এসব কথায় বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। তার মতে, এমন পরিস্থিতিতে ব্যবহৃত অজুহাতগুলো প্রায় একই ধরনের হয়ে থাকে এবং শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হন তৃতীয় ব্যক্তি।
ভিডিওবার্তায় তিনি বলেন, “যতই কেউ বলুক—‘বউ ভালো না’, ‘শুধু সন্তানের জন্য সংসার করছি’ কিংবা ‘ডিভোর্সের অপেক্ষায় আছি’—এসব কথায় বিশ্বাস কোরো না। এসব একই ধরনের গল্প। এসব শুনে কোনো সম্পর্কে জড়িয়ে পড়লে একসময় নিজের কাছেই অপরাধবোধ তৈরি হবে।”
প্রভা জানান, বাস্তব জীবনেও তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এক বিবাহিত ব্যক্তি তাকে একই ধরনের যুক্তি দিয়ে সম্পর্কে জড়ানোর চেষ্টা করেছিলেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি সত্যিই দাম্পত্য সম্পর্ক শেষ হয়ে থাকে, তাহলে আগে আইনগতভাবে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরই ভবিষ্যৎ নিয়ে ভাবা যেতে পারে।
অভিনেত্রীর ভাষায়, “আমি তাকে বলেছিলাম, আপনার যদি সংসারে এত সমস্যা থাকে, তাহলে আগে ডিভোর্স সম্পন্ন করুন। এরপর দেখা যাবে আমরা একে অপরের জন্য উপযুক্ত কি না।”
তিনি আরও জানান, তার এমন অবস্থানের কারণে ওই ব্যক্তি পরে তাকে ‘সাইকো’ বলেও মন্তব্য করেন। তবে বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ নেই প্রভার। বরং তিনি মনে করেন, ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে এমন সমালোচনা মেনে নেওয়াই ভালো।
হাস্যরসের সুরে তিনি বলেন, “সে এখন বলে বেড়ায় আমি নাকি সাইকো। আমি সেটা মেনেই খুশি। অন্তত এমন একটি জটিল সম্পর্কে জড়াইনি, যার জন্য পরে অনুতপ্ত হতে হতো।”
প্রভার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই তার বক্তব্যকে বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মনে করছেন, সম্পর্কের ক্ষেত্রে আবেগের পাশাপাশি বাস্তবতা ও দায়িত্ববোধকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। নিজের অভিজ্ঞতা থেকে দেওয়া এই পরামর্শের মাধ্যমে প্রভা মূলত তরুণীদের সচেতন হওয়ার বার্তাই তুলে ধরেছেন।
Leave a Reply