1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 31, 2026, 2:27 pm

জঙ্গল সলিমপুরে নতুন কারাগার নির্মাণের ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, May 31, 2026
  • 24 Time View

তিস্তা টিভি ডেস্ক

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় নতুন কারাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ অঞ্চলকে আর কোনোভাবেই সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। রোববার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল রাষ্ট্রের ভেতরে ‘সমান্তরাল নিয়ন্ত্রণ ব্যবস্থা’ গড়ে তুলেছিল, যার একটি দৃশ্যমান উদাহরণ হয়ে উঠেছিল জঙ্গল সলিমপুর। বিগত সময়ের অনিয়ম ও দুর্বৃত্তায়নের কারণে এই এলাকায় অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই চট্টগ্রামে কিছু গুরুতর সন্ত্রাসী কর্মকাণ্ড নজরে আসে। বিশেষ করে ব্যবসায়ীদের ওপর হামলা, অস্ত্রের মুখে চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনায় সরকার কঠোর অবস্থান নেয়। এসব অপরাধ দমনে ৯ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত যৌথ অভিযান পরিচালিত হয়।

মন্ত্রী আরও বলেন, অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের তৈরি করা নিয়ন্ত্রণব্যবস্থা ভেঙে দেওয়া সম্ভব হয়েছে। তবে কিছু ক্ষেত্রে তথ্য ফাঁস হওয়ার কারণে অভিযানের পূর্ণ সাফল্য বাধাগ্রস্ত হয়। এ ঘটনার পেছনে কারা জড়িত ছিল, বিশেষ করে ভূমিদস্যু ও ইন্ধনদাতারা—তাদের শনাক্তে তদন্ত চলছে বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করে বলেন, র‍্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার মতো দুঃসাহস সন্ত্রাসীরা কীভাবে পেল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোকে চ্যালেঞ্জ জানিয়ে যারা এ ধরনের কর্মকাণ্ড করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নানা কারণে এই এলাকায় বসবাস করছেন, তাদের কাউকেই আপাতত উচ্ছেদ করা হবে না। প্রকৃত বাসিন্দাদের জন্য টেকসই পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান এবং প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার পরামর্শ দেন।

তিনি আরও জানান, জঙ্গল সলিমপুর এলাকায় আধুনিক সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সীতাকুণ্ড, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপন করে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা জোন সম্প্রসারণের উদ্যোগও চলছে।

এছাড়া বায়েজিদ লিংক রোড সংলগ্ন খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের দীর্ঘদিনের ঝুলে থাকা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে বেতুয়া ও আশপাশের চা-বাগান এলাকায় অপরাধ দমনে বিশেষ নজরদারি বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। কোনো অবস্থাতেই আইনের শাসনের বাইরে কাউকে যেতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা হবে।”

তিনি গণমাধ্যমসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV