1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 17, 2026, 4:27 am

কুমিল্লা বিভাগ গঠনের দাবি বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2026
  • 18 Time View
তিস্তা টিভি ডেস্ক

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় এক পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। সেখানে তিনি কুমিল্লা বিভাগ গঠনসহ বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন।

তিনি বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি একে একে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ তা বাস্তবায়ন করা হবে। জনগণের আস্থা ও সমর্থন নিয়েই সরকার এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি জনগণের দল এবং সবসময় জনগণের কল্যাণেই কাজ করে। নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এজন্য জনগণকে ধৈর্য ধরে পাশে থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, কৃষি খাতকে শক্তিশালী করতে ইতোমধ্যে সরকার ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করেছে। ক্ষমতা গ্রহণের মাত্র দশ দিনের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় বলে তিনি দাবি করেন। এর ফলে দেশের ১২ লাখ কৃষক ঋণমুক্ত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

দেশের অর্থনীতি নিয়ে বক্তব্যে তারেক রহমান বলেন, বিগত ১৭ বছরে দেশে বিভিন্ন অনিয়ম, লুটপাট, গুম ও নির্যাতনের কারণে অর্থনীতি চাপে পড়েছে। এর প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে, এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কুমিল্লা অঞ্চল থেকে বিপুল পরিমাণ কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়। এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন। এ বিষয়ে তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং দ্রুতই কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

পথসভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা কুমিল্লা অঞ্চলের উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV