জেলা প্রতিনিধি
আগামী অক্টোবর-নভেম্বর থেকে দেশের পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ স্তরের নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। তবে কোন নির্বাচন আগে হবে, সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ নির্বাচন কমিশন।
শুক্রবার (৩ জুলাই) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, সরকার চায় স্থানীয় সরকার কাঠামোর সব স্তরে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক।
এর আগে একই অনুষ্ঠানে তিনি সমতল অঞ্চলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা। এ ধরনের প্রকল্প টেকসই জীবিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
পরে প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। তিনি বলেন, মানবিক রাষ্ট্র গঠনের অংশ হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অগ্রাধিকার। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এরপর তিনি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক ও মানসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিত করা গেলে সরকারি কর্মকর্তাদের কার্যক্রম আরও দক্ষ, দ্রুত ও জনবান্ধব হবে। উপজেলা পর্যায়ে উন্নয়ন ও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে অবকাঠামো উন্নয়নকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Leave a Reply