রামিসা হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি হবে, আশা আইনমন্ত্রীর
Reporter Name
Update Time :
Sunday, May 31, 2026
18 Time View
জেলা প্রতিনিধি
রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দাখিলসহ মামলার অগ্রগতিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং এখন বিচারিক প্রক্রিয়া আদালতের অধীনে এগোচ্ছে।
রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “আমরা আগেই বলেছিলাম এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, নির্ধারিত সময়ের মধ্যেই চার্জশিট দাখিল করা সম্ভব হয়েছে। এখন বিচারিক কার্যক্রম আদালতের এখতিয়ারভুক্ত বিষয়।”
তিনি আরও জানান, সোমবার আদালত খুললে অগ্রাধিকার ভিত্তিতে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। সরকার পক্ষ থেকে মামলার অগ্রগতিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, এই মামলায় যেসব সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে, সেগুলো বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, আদালত ন্যায়বিচারের স্বার্থে সর্বোচ্চ শাস্তির বিষয়টি বিবেচনায় নেবেন।
তিনি বলেন, “বিচার পাওয়াটা আদালতের বিষয়, আমরা শুধু ন্যায়বিচারের জন্য প্রার্থনা করতে পারি। তবে এই ধরনের নৃশংস ঘটনায় সর্বোচ্চ শাস্তিই প্রত্যাশিত।”
অনুষ্ঠানে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটি গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ১৭ সদস্যের একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে সাতজন, স্বতন্ত্র প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে আরও পাঁচজন সদস্য রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে এখনো নাম পাওয়া যায়নি। তারা জানিয়েছে, আগামী অধিবেশনে মতামত দেবে। নাম পাওয়া গেলে “জুলাই সনদের” আলোকে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের সময়ের কিছু অধ্যাদেশ বাতিল বা পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এগুলো পুরোপুরি বাতিল করা হয়নি; বরং পর্যালোচনা ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ কমিশন আইন নিয়ে প্রাথমিক পরামর্শ সভা সম্পন্ন হয়েছে। বিভিন্ন সুপারিশ পর্যালোচনা করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগুলো চূড়ান্ত করা হবে।
সব মিলিয়ে রামিসা হত্যা মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় আইনি কাঠামো সংস্কারের কাজও চলমান রয়েছে বলে জানান আইনমন্ত্রী।
Leave a Reply