1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 2, 2026, 11:12 am

সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : Saturday, May 2, 2026
  • 18 Time View

তিস্তা নিউজ ডেস্ক

আজ শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান (বিএস-৫৩১) সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে দিয়ে তিনি সরাসরি যান হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে।

মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সুরমা নদীর তীরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে ‘সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্য বর্ধন, বন্যা প্রতিরোধ ও অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সংশ্লিষ্টদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন রোধ, জলাবদ্ধতা নিরসন এবং নগর সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এরপর তিনি সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন, যেখানে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। একই দিনে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বাসিয়া খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যা নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বিকেলে তিনি সিলেট জেলা স্টেডিয়াম-এ “নতুন কুঁড়ি” কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হওয়ার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে আংশিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, ফলে কিছু এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, গত রাত থেকেই সিলেটে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, যা সকালেও অব্যাহত রয়েছে। ভারি বর্ষণের কারণে নগরীর কিছু নিম্নাঞ্চলে পানি জমে জনদুর্ভোগ দেখা দিলেও নির্ধারিত কর্মসূচি যথারীতি চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV