তিস্তা নিউজ ডেস্ক
সারাদেশে শুরু হতে যাচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত জাতীয় আয়োজন ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’। মে থেকে জুন মাসজুড়ে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা, যেখানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে ক্রীড়া, সাংস্কৃতিক ও জ্ঞানভিত্তিক নানা ইভেন্টে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ নির্দেশনা অনুযায়ী। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন ইভেন্টে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথক গ্রুপে প্রতিযোগিতা আয়োজন করা হবে। প্রতিযোগিতা শুরু হবে বিদ্যালয় পর্যায় থেকে এবং পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা, জেলা হয়ে বিভাগীয় পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যালয়গুলো নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিযোগিতা সম্পন্ন করে আগামী ১৯ মে ২০২৬-এর মধ্যে ইউনিয়ন পর্যায়ের জন্য অংশগ্রহণকারীদের তালিকা পাঠাবে।
সূচি অনুযায়ী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে নিম্নরূপভাবে—
ইউনিয়ন পর্যায়: ১৯–২০ মে ২০২৬
উপজেলা পর্যায়: ২২–২৩ মে ২০২৬
জেলা পর্যায়: ৬–৭ জুন ২০২৬
বিভাগীয় পর্যায়: ৮–৯ জুন ২০২৬
এবারের ক্রীড়া ইভেন্টে থাকছে ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ভারসাম্য দৌড় এবং অংক দৌড়। অন্যদিকে সাংস্কৃতিক পর্বে থাকবে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, গল্প বলা, লোকগীতি, দেশাত্মবোধক গান, রবীন্দ্র ও নজরুল সংগীত, হামদ-নাত, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা এবং আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা।
বিষয়ভিত্তিক কুইজে অন্তর্ভুক্ত থাকবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান—যার মধ্যে থাকবে দৈনন্দিন বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং সমসাময়িক ঘটনা।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিযোগিতা পরিচালনা করতে হবে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬’ অনুসরণ করে এবং নির্ধারিত বাজেটের মধ্যে থেকে। বিতর্ক প্রতিযোগিতার ক্ষেত্রে প্রধান শিক্ষকদের দায়িত্ব থাকবে দুইজন করে শিক্ষার্থী নির্বাচন করে সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো। বিতর্কের বিষয় নির্ধারণে শিক্ষার্থীদের বয়স ও মানসিক উপযোগিতা বিবেচনায় নিতে হবে এবং কোনো সংবেদনশীল বিষয় রাখা যাবে না।
অর্থ বরাদ্দের দিক থেকে এবারের আয়োজনেও উল্লেখযোগ্য বাজেট রাখা হয়েছে। বিদ্যালয় পর্যায়ে ৮ হাজার টাকা, ইউনিয়ন পর্যায়ে ৫ হাজার ২০০ টাকা, উপজেলা পর্যায়ে ২৮ হাজার ২০০ টাকা, জেলা পর্যায়ে ৭১ হাজার ৫০০ টাকা এবং বিভাগীয় পর্যায়ে ১ লাখ ৩০ হাজার ৬২৫ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
সব মিলিয়ে এবারের ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং দেশের প্রাথমিক শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের একটি বড় জাতীয় উৎসব হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply