তিস্তা টিভি ডেস্ক
দেশ বর্তমানে এক জটিল ও গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ সময়ে হালকাভাবে চললে রাষ্ট্র ও জনগণের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে নীতি ও আদর্শে বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, সেই পথ অনুসরণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।
রোববার (৩১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “জিয়াউর রহমান কঠোর পরিশ্রম, সততা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে গিয়েছিলেন, যেখানে মানুষ তাঁর নাম ও দেশের পরিচয়কে একসঙ্গে উচ্চারণ করত। সেই ধারাবাহিকতা রক্ষা করাই এখন সময়ের দাবি।” তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করা না গেলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে।
তিনি দাবি করেন, বর্তমানে দেশের সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধে অবক্ষয় দেখা দিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন প্রজন্মকে নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা দেওয়ার ওপর জোর দেন তিনি। তারেক রহমান জানান, এ বিষয়ে শিক্ষা ও তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও আলোচনা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারা।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন— আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভাটি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পুনর্গঠন ভাবনা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির করণীয় দিক নিয়ে বিস্তৃত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
Leave a Reply