1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 24, 2026, 7:09 pm

জ্বালানি ও শক্তি খাতে স্বনির্ভরতা অর্জনে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2026
  • 10 Time View

তিস্তা টিভি ডেস্ক

রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ধীরে ধীরে পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। তাঁর ভাষায়, এটি শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, বরং দেশের টেকসই ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।

প্রধানমন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদ ভবনের এই এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। এ উদ্যোগকে তিনি গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদ ভবন থেকে সবুজ শক্তির যাত্রা শুরুর একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবন যেমন গণতন্ত্রের প্রতীক, তেমনি এর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন বাস্তব নেতৃত্ব ও নীতির কার্যকর প্রয়োগের উদাহরণ। তাঁর মতে, কেবল নীতিনির্ধারণ নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমেই উন্নয়নকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক সম্প্রসারণ, শিল্পায়ন ও নগরায়ণের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। একই সঙ্গে বিদ্যুতের চাহিদাও ক্রমাগত বাড়ছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি—সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, অনিয়মিত বর্ষণ ও নদীভাঙন এখন নিত্যদিনের বাস্তবতা।

এই প্রেক্ষাপটে টেকসই জ্বালানির দিকে অগ্রসর হওয়াকে শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়, বরং জাতীয় অর্থনীতি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, সৌরশক্তি এই সম্ভাবনার সবচেয়ে কার্যকর ও উজ্জ্বল দিক।

প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৪.৫ থেকে ৫ কিলোওয়াট-ঘণ্টা সৌরশক্তি পাওয়া সম্ভব, যা দেশের ছাদ, শিল্পাঞ্চল ও উপকূলীয় এলাকাকে নবায়নযোগ্য জ্বালানির বিশাল উৎসে পরিণত করতে পারে। তাঁর মতে, সৌরবিদ্যুতের প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যয় হ্রাস এটিকে এখন অর্থনৈতিকভাবেও একটি লাভজনক বিকল্পে পরিণত করেছে।

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অনুপ্রাণিত করবে। প্রতিটি প্রতিষ্ঠান যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় যুক্ত হয়, তবে বাংলাদেশ খুব দ্রুতই একটি টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারবে।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV