1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 2, 2026, 12:52 pm

জলঢাকায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : Saturday, May 2, 2026
  • 17 Time View

নিজেস্ব প্রতিবেদন

নীলফামারীর জলঢাকায় “দুনিয়ার মজদুর—এক হও, লড়াই কর, মে দিবসের অঙ্গীকার গর্জে উঠুক আর একবার”—এই শ্লোগানকে সামনে রেখে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে শ্রমিকদের অধিকার, ঐক্য ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিই ছিল মূল প্রতিপাদ্য।

১ মে সকালে জলঢাকা বাসস্ট্যান্ড চত্বরে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপ-কমিটির সভাপতি মমিনুর রহমান সিনিয়র ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়, যেখানে শ্রমিক নেতারা পুষ্পমাল্য অর্পণ করেন।

র‍্যালিতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, মাইক্রো শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। এতে শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা জামায়াতের আমির মোকলেসুর রহমান মাস্টার, মোটর শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হামিমুর রহমান হামীম, ট্রাক ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, বিএনপি নেতা রশিদুল ইসলাম বাঙ্গালীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা মজিবর রহমান, জুয়েল ইসলাম, জামিনুর রহমান, সুলতান মাহমুদ, গোলাম মোস্তফা এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আমিনুর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতারা।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, সামাজিক নিরাপত্তা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতির মূল চালিকাশক্তি শ্রমিক শ্রেণি, তাই তাদের অধিকার নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

উল্লেখ্য, ১৮৮৬ সালের শিকাগোর ঐতিহাসিক শ্রমিক আন্দোলনের স্মরণে বিশ্বব্যাপী পালিত হয় মে দিবস। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে জলঢাকাতেও শ্রমিকদের অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে দিবসটি উদযাপিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV