নিজেস্ব প্রতিবেদক
নীলফামারীর জলঢাকায় প্রিয় ইমাম মাওলানা রফিকুল ইসলামের বিদায়ে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর ইন্তেকালে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে গভীর শোকাবহ পরিবেশ। অশ্রুসিক্ত নয়নে তাঁকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। বগুলাগাড়ি দক্ষিণপাড়া আল আমিন জামে মসজিদের এই সম্মানিত ইমামের জানাজা অনুষ্ঠিত হয় অত্যন্ত আবেগঘন পরিবেশে।
জানাজার সময় হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক জনসমুদ্রে। মুসল্লিদের ঢল নামে চারদিক থেকে, যার ফলে জানাজা স্থল ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রিয় এই আলেমের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা যেন চোখে পড়ার মতো ছিল। অনেকেই অশ্রু ধরে রাখতে পারেননি, কান্নায় ভেঙে পড়েন স্বজন, ভক্ত ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, মাওলানা রফিকুল ইসলাম ছিলেন অত্যন্ত সাদাসিধে, পরহেজগার ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ একজন ধর্মপ্রাণ ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে আল আমিন জামে মসজিদে ইমামতি করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সবাই।
Leave a Reply