নিজেস্ব প্রতিবেদক
নীলফামারীর জলঢাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আল-আকসা মডেল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় এবং ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকালে মাদ্রাসার ২নং ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা ওয়াহিদুজ্জামান বাবুল। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, পরিশ্রম ও নৈতিকতা বজায় রেখে এগিয়ে যেতে হবে। তিনি দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং তাদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাওলানা কাজী হাবিবুর রহমান এবং সহকারী পরিচালক মাওলানা মমিনুর রহমান। তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একজন শিক্ষার্থী কেবল পরীক্ষায় ভালো ফলাফল করলেই সফল নয়, বরং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠাই প্রকৃত সাফল্য।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ২নং ক্যাম্পাসের ইনচার্জ মুশফিকুর রহমান এবং ১নং ক্যাম্পাসের ইনচার্জ নুর আলম সিদ্দিকী। তাদের সুষ্ঠু ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। পাশাপাশি ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়, যা উপস্থিত সবার মাঝে আনন্দের সঞ্চার করে।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আবেগঘন এই আয়োজনের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষার্থীরা নতুন পথচলার অনুপ্রেরণা নিয়ে বিদায় নেয়।
Leave a Reply