1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 15, 2026, 8:25 pm

শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 21 Time View

তিস্তা টিভি ডেস্ক

দেশের পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করা প্রয়োজন। শিক্ষার্থীরা যদি নিয়মিত বৃক্ষরোপণে অংশ নেয়, তাহলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম আরও সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে এসব প্রতিযোগিতা জেলা ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে সম্মাননা ও পদক তুলে দেওয়া হয়।

এ ছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও সম্মাননা প্রদান করা হয়। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সম্মাননা অর্জন করে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV