তিস্তা টিভি ডেস্ক
প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী জানিয়েছেন, যেসব পরীক্ষার্থী নির্ধারিত দিনে পরীক্ষায় উপস্থিত হতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার সঙ্গে একই প্রশ্নপত্রে, একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।
বিবৃতিতে মন্ত্রী বলেন, বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই পাঁচ জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে শুধু এসব এলাকার শিক্ষার্থীরাই নয়, দেশের বিভিন্ন স্থানে প্রতিকূল আবহাওয়ার কারণে আরও কিছু পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে বিশেষ মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট পরীক্ষার সঙ্গে সমন্বয় করে একই প্রশ্নপত্রে এবং শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
এদিকে এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রশ্নপত্র প্রণয়নে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দায়ীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুলের বিষয়ে পরীক্ষার্থীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ওই ত্রুটির কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply