1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 15, 2026, 3:28 pm

বাংলাদেশকে ভুলে যাননি আর্জেন্টিনার কোচ স্কালোনি, দিলেন আবেগঘন বার্তা

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 18 Time View

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ থেকে আর্জেন্টিনার দূরত্ব হাজার হাজার কিলোমিটার হলেও ফুটবলের আবেগ সেই দূরত্ব অনেকটাই ঘুচিয়ে দিয়েছে। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা মাঠে নামলেই বাংলাদেশের অসংখ্য ভক্ত নীল-সাদা পতাকা হাতে সমর্থনে মুখর হয়ে ওঠেন। দূর দেশের এই ভালোবাসা এখন পৌঁছে গেছে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনির কাছেও।

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশি সমর্থকদের কথা বিশেষভাবে উল্লেখ করেন স্কালোনি। তিনি জানান, বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনা দলকে অনুপ্রাণিত করে এবং তাদের জন্যও একটি আনন্দের মুহূর্ত উপহার দিতে চান তারা।

স্কালোনি বলেন, “আশা করি আজ এমন একটি ফল এনে দিতে পারব, যা তাদের আনন্দ দেবে। সেটাই আমাদের লক্ষ্য।”

বাংলাদেশের সমর্থকদের প্রশংসা করে আর্জেন্টিনার এই কোচ বলেন, এত দূরে থেকেও যেভাবে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে ভালোবাসে, তা সত্যিই অবাক করার মতো। নিজের দেশের বাইরে অন্য একটি দেশের মানুষের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখা এবং দলের জন্য তাদের আবেগ দেখে তিনি মুগ্ধ বলেও জানান।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ সবসময় আমাদের বিস্মিত করে। এত দূরে থেকেও তারা আর্জেন্টিনাকে যেভাবে সমর্থন করে, তা অসাধারণ। তাদের এই ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ।”

শুধু স্কালোনিই নন, বাংলাদেশের সমর্থকদের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও। বাংলাদেশের মানুষের উন্মাদনা ও আবেগের প্রশংসা করে তিনি বলেন, দেশটির সমর্থকদের সঙ্গে তার বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে।

মার্তিনেজ বলেন, “বাংলাদেশ এবং সেখানকার সমর্থকদের আমি ভালোবাসি। তারা আমাদের জন্য পাগল। সেখানে গিয়ে আমি নিজেই সেটা দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।”

এর আগে বাংলাদেশ সফরে এসে আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস কাছ থেকে দেখেছেন মার্তিনেজ। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভালোবাসা তাকে গভীরভাবে স্পর্শ করেছে বলেও জানিয়েছিলেন তিনি।

আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে স্কালোনি ও মার্তিনেজের এমন মন্তব্য বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে। ভক্তদের প্রত্যাশা, প্রিয় দলের সাফল্যের মাধ্যমে এবার সেই ভালোবাসার প্রতিদান মিলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV