তিস্তা টিভি ডেস্ক
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে এইচএসসি পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার পর বুধবার (১৫ জুলাই) দুপুরের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
এর অংশ হিসেবে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে দুপুর সাড়ে ১টার দিকে সড়ক অবরোধ করে অবস্থান নেয় একদল শিক্ষার্থী। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরে। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ঢাকা ও গাজীপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে তৈরি হয় তীব্র যানজট ও ভোগান্তি।
আন্দোলনকারীদের দাবি, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন করায় অনেক পরীক্ষার্থী সমস্যার মুখে পড়েছে। বিশেষ করে বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এ ছাড়া ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ত্রুটি ছিল বলেও অভিযোগ করেছে তারা।
শিক্ষার্থীরা জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ—এই তিনটি তাদের মূল দাবি।
এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় একই দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির ঘোষণা দিয়ে তারা সারাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানায়।
এদিকে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদরাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।
তবে আবহাওয়াজনিত সমস্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply