তিস্তা টিভি ডেস্ক
রাজধানী ঢাকার সড়ক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযুক্ত ক্যামেরার মাধ্যমে এখন থেকে যানবাহন পর্যবেক্ষণ এবং ট্রাফিক আইন ভঙ্গের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ই-চালান (মামলা) জারি করা হবে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে মোহাম্মদপুরের ট্রাফিক তেজগাঁও বিভাগের কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম (সেবা)।
উদ্বোধনী বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে। এআই ক্যামেরার মাধ্যমে এখন থেকে সড়কে যান চলাচল, সিগন্যাল অমান্য, ও অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা সম্ভব হবে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিমূলক হবে।
তিনি আরও বলেন, এই প্রযুক্তি শুধু আইন প্রয়োগই নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিএমপি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে এআইভিত্তিক ১৯টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে লেক রোড, লিংক রোড, জুলাই যাদুঘর এলাকা, জিয়া উদ্যান ও জাতীয় সংসদ ভবন সংলগ্ন ভিআইপি সড়কগুলো। এসব ক্যামেরা সার্বক্ষণিকভাবে যানবাহনের গতি ও চলাচল পর্যবেক্ষণ করবে এবং নিয়ম ভঙ্গ হলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেবে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগের ফলে রাজধানীতে ট্রাফিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। বিশেষ করে যানজট কমানো, শৃঙ্খলা নিশ্চিত করা এবং সড়কে আইন মানার প্রবণতা বাড়াতে এটি কার্যকর ভূমিকা রাখবে।
ভিআইপি সড়কে অটোরিকশা চলাচল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এসব সড়কে অটোরিকশা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে এবং তা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক বিভাগ ভবিষ্যতে আরও কার্যকর সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানান।
সব মিলিয়ে, এআই প্রযুক্তিনির্ভর এই ট্রাফিক মনিটরিং ব্যবস্থা রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
Leave a Reply