1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 1, 2026, 4:47 pm

মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

Reporter Name
  • Update Time : Monday, June 1, 2026
  • 19 Time View

তিস্তা টিভি ডেস্ক

আফ্রিকার আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে। আগামী ৫ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে।

জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস শহীদ শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের হাতে এই পদক তুলে দেবেন। একই অনুষ্ঠানে ১৯৪৮ সাল থেকে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত প্রায় সাড়ে চার হাজার শান্তিরক্ষীর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

২০২৫ সালের ১৩ ডিসেম্বর আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ)-তে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় নিহত হন এই ছয় বাংলাদেশি শান্তিরক্ষী। তারা হলেন মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মাসুদ রানা, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা ও সান্ত মণ্ডল।

এছাড়া এবারের অনুষ্ঠানে গত বছরে নিহত মোট ৫৯ জনসহ সামরিক, পুলিশ ও বেসামরিক মিলিয়ে ৬৮ জন শান্তিরক্ষীকে মরণোত্তর এই পদকে ভূষিত করা হবে।

জাতিসংঘের তথ্যমতে, বর্তমানে বিশ্বের ১১টি শান্তিরক্ষা মিশনে ৫০ হাজারেরও বেশি সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্য দায়িত্ব পালন করছেন। ১১৮টি দেশ এসব মিশনে জনবল সরবরাহ করছে। বাংলাদেশ শান্তিরক্ষী প্রেরণে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ, যেখানে ২৭৭ জন নারীসহ ৪ হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন মিশনে কর্মরত রয়েছেন—আবেই, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সাইপ্রাস, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, লিবিয়া, দক্ষিণ সুদান ও পশ্চিম সাহারাসহ ঝুঁকিপূর্ণ অঞ্চলে।

জাতিসংঘ ২০০২ সালে ২৯ মে দিনটিকে ‘জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ হিসেবে ঘোষণা করে। ১৯৪৮ সালে প্রথম শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন’ গঠনের স্মরণে এই দিনটি পালিত হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল ‘শান্তিতে বিনিয়োগ’, যেখানে বৈশ্বিক সংঘাত বৃদ্ধি ও সম্পদ সংকটের প্রেক্ষাপটে শান্তিরক্ষায় টেকসই রাজনৈতিক ও আর্থিক সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়েছে। দিবসটি উপলক্ষে দেওয়া বার্তায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অতীত ও বর্তমান সব শান্তিরক্ষীর অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখা কর্মীদের জন্য আরও কয়েকটি আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ‘ক্যাপ্টেন এমবায়ে দিয়াগনে মেডেল ফর এক্সেপশনাল কারেজ’, ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ এবং ‘ইউএন উইমেন পুলিশ অফিসার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV