1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 1, 2026, 4:48 pm

জুন থেকেই কার্যকর বিদ্যুতের নতুন দাম, বাড়তে পারে খরচ

Reporter Name
  • Update Time : Monday, June 1, 2026
  • 20 Time View

তিস্তা টিভি ডেস্ক

ঈদুল আজহার পরপরই দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য আসছে বাড়তি খরচের চাপ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিগগিরই বিদ্যুতের নতুন খুচরা মূল্য ঘোষণা করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গড়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এবং নতুন ট্যারিফ জুন মাস থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবরও থাকছে। ‘লাইফ লাইন’ ক্যাটাগরিতে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। অর্থাৎ এই শ্রেণির গ্রাহকরা আগের সুবিধা অনুযায়ী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন।

বিইআরসির একাধিক সূত্র জানায়, ঈদের আগেই মূল্য সমন্বয়ের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি শেষ করা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। কমিশনের পরিকল্পনা অনুযায়ী জুন মাস থেকেই নতুন মূল্যহার কার্যকর করা হতে পারে।

সূত্রগুলো আরও জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের অংশ হিসেবে বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়, যারা প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে।

এর আগে বিইআরসি গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি পৃথকভাবে মূল্যবৃদ্ধির প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী—পিডিবি ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত প্রতি ইউনিট দাম বাড়ানোর আবেদন করে।

অন্যদিকে বিইআরসির কারিগরি কমিটি গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বৃদ্ধির সুপারিশ দিয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, চূড়ান্ত সিদ্ধান্তে এই সুপারিশই গ্রহণের সম্ভাবনা বেশি।

এক কমিশনার নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন পক্ষের মতামত বিশ্লেষণ করে চূড়ান্ত মূল্যহার নির্ধারণ করা হবে। তবে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ১ টাকার নিচে বাড়ার সম্ভাবনা খুবই কম।

নতুন কাঠামো অনুযায়ী, গ্রাহকদের ব্যবহারভিত্তিক আলাদা ধাপে দাম নির্ধারণ করা হবে। ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ওপর তুলনামূলক কম চাপ পড়বে। ২০০ থেকে ৪০০ ইউনিট এবং ৪০০ থেকে ৬০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে দাম বাড়বে। তবে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে ৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর।

সব মিলিয়ে বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হলে শিল্প, বাণিজ্য ও গৃহস্থালি খাতে ব্যয় বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে উৎপাদন ও সেবা খাতে এর প্রভাব সরাসরি পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV