তিস্তা টিভি ডেস্ক
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ থেকে প্রতিনিধি হিসেবে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী বৃহস্পতিবার (২ জুলাই) তিনি ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ইরানের বিভিন্ন শহরে—তেহরান, কোম ও মাশহাদে—৪ থেকে ৯ জুলাই পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদায় খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধিত্ব করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নেবেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে জানানো হয়। তার মৃত্যুতে ইরানসহ মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে আসে এবং দেশটি রাষ্ট্রীয়ভাবে শোক কর্মসূচি ঘোষণা করে।
রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এই জানাজা ও শেষকৃত্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক কূটনৈতিক নজরদারি চলছে। বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
Leave a Reply