জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইসকন মন্দিরের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরের উন্নয়ন কাজের সূচনা করেন অধ্যাপক ছাদের হোসেন। এ সময় তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন শুধু একটি সম্প্রদায়ের নয়, বরং এটি সামগ্রিক সামাজিক বন্ধন ও সম্প্রীতির প্রতিফলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা পৌরসভার আমীর মাওলানা মোজাম্মেল হক এবং পৌরসভার সেক্রেটারি আব্দুর রাজ্জাক রিংকু। তারা স্থানীয় পর্যায়ে ধর্মীয় সহাবস্থান ও শান্তিপূর্ণ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক লিটন কর্মকারসহ দিলীপ কুমার, মানিক চন্দ্র, ধনঞ্জয় রায় এবং ইসকন নেতা কানাই বাবুসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কেবল উপাসনার স্থান নয়, বরং সামাজিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব প্রতিষ্ঠানের উন্নয়ন হলে সমাজে সহনশীলতা ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে ইসকন ভক্তবৃন্দ মন্দির উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এই উন্নয়ন কাজ সম্পন্ন হলে স্থানীয় ধর্মীয় ও সামাজিক পরিবেশ আরও সুন্দর ও সুসংহত হবে।
Leave a Reply