তিস্তা টিভি ডেস্ক
জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বড় ধরনের কূটনৈতিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। সম্মেলনের সহ-সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান। এ সিদ্ধান্তে ১৮৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সমর্থন জানান, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (২ জুন) জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক শ্রমনীতি, শোভন কর্মসংস্থান এবং শ্রম অধিকার রক্ষায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই নির্বাচন এসেছে।
সম্মেলনের সভাপতির দায়িত্ব পেয়েছেন উরুগুয়ের শ্রম ও সামাজিক সুরক্ষাবিষয়ক মন্ত্রী জুয়ান কাস্টিলো। সহ-সভাপতি হিসেবে বাংলাদেশের পাশাপাশি আর্জেন্টিনার জেরার্দো মার্তিনেজ এবং যুক্তরাষ্ট্রের ক্রিস্টেন কফম্যান দায়িত্ব পালন করবেন।
বিশ্লেষকদের মতে, এই পদে বাংলাদেশের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক শ্রম প্রশাসনে দেশের অবস্থান আরও সুদৃঢ় করেছে। একই সঙ্গে এটি বহুপাক্ষিক কূটনীতি, শ্রমিক অধিকার সুরক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতির প্রতি বৈশ্বিক আস্থার প্রতিফলন।
আইএলওর এই সম্মেলনকে ‘বিশ্ব শ্রম সংসদ’ বলা হয়, যেখানে প্রতিবছর প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নেন। সরকার, শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা এখানে বৈশ্বিক শ্রম খাতের নীতিনির্ধারণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
নতুন এই দায়িত্বের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক শ্রম ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা রাখবে এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নীতিগত ঐকমত্য গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply