1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 14, 2026, 11:34 am

নীলফামারীতে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের সমাবেশ

Reporter Name
  • Update Time : Sunday, June 14, 2026
  • 6 Time View

নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে জনশক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রচার কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত এ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) দুপুর ১২টায় নীলফামারী জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যমনির্ভর। এ বাস্তবতায় ইসলামী আন্দোলনের আদর্শ, লক্ষ্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের আরও দক্ষ, সচেতন ও যুগোপযোগী হতে হবে। তিনি বলেন, সঠিক তথ্য পরিবেশন, অপপ্রচারের জবাব প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহারের মাধ্যমে জনমত গঠনে প্রচারকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, আধুনিক মিডিয়া ব্যবস্থাপনা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে জনশক্তিদের নিয়মিত প্রশিক্ষণ ও আত্মউন্নয়নের প্রতি গুরুত্ব দিতে হবে। সংগঠনের বার্তা ও কর্মসূচি জনগণের কাছে গ্রহণযোগ্য ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য দায়িত্বশীলদের পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলফামারী জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন। সভায় বক্তব্য ও আলোচনা পর্বে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল কাদির এবং প্রেস ক্লাব জলঢাকার সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান।

এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল এবং জনশক্তিরা উপস্থিত ছিলেন। তারা প্রচার কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় প্রচার ও মিডিয়া কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংগঠনের কার্যক্রম তুলে ধরা, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক উপস্থিতি বৃদ্ধি, তথ্যভিত্তিক প্রচারণা জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সংগঠনের প্রচার ও মিডিয়া কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা প্রচার ও মিডিয়া বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV