জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জে দায়ের হওয়া পৃথক দুটি মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ধর্মীয় বক্তা আমির হামজা। রোববার (১৪ জুন) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর আড়াইটার দিকে তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর বিকেল ৩টার দিকে তিনি আদালত এলাকা ত্যাগ করেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি।
তার জামিনের বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক। তিনি জানান, উচ্চ আদালতের আগাম জামিনের পর আসামি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত উভয় মামলাতেই তাকে স্থায়ী জামিন দেন।
ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পুরো এলাকা নজরদারির আওতায় আনা হয়। আদালত কার্যক্রম চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।
মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তি, এবং তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে দুটি পৃথক মানহানির মামলা দায়ের করা হয়।
নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। পরবর্তীতে আদালতের নির্দেশে তার বিরুদ্ধে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে তিনি আত্মসমর্পণ করেন এবং স্থায়ী জামিনের আবেদন করেন।
দুই মামলায় স্থায়ী জামিন পাওয়ার পর আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
Leave a Reply