নীলফামারী প্রতিনিধি:
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নীলফামারী জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত জেলা নির্বাহী কমিটির (জেনিক) শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত ১৮ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করানো হয় এবং তাদের অভিষেক সম্পন্ন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রকৌশলী, শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রকৌশলী আব্দুল মান্নান বসুনিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রকৌশলী মো. আখতারুজ্জামান বাদল। অন্যান্য সদস্যদেরও শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল লতিফ। তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিনির্ভর অগ্রগতি এবং গ্রামীণ উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা অপরিহার্য। তাই সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তারা আইডিইবির সংগঠনিক ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায়ে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এ সময় আইডিইবির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রকৌশলী, শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply