1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 5:59 am

চিলাহাটি রেলস্টেশনে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্যরা

Reporter Name
  • Update Time : Thursday, June 4, 2026
  • 15 Time View

শাসন সরকার স্ট্যাফ রিপোর্টার:

৩ জুন ২০২৬, (বুধবার): সন্ধ্যা আনুমানিক ৭টা। সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি যখন চিলাহাটি স্টেশনে ঢুকছিল, ঠিক তখন এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হলেন স্থানীয় মানুষ। পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিতে দুই নিষ্পাপ সন্তানকে বুকে জড়িয়ে রেললাইনে শুয়ে পড়েছিলেন এক গৃহবধূ সাহানাজ বেগম । তবে শেষ মুহূর্তে এগিয়ে এলেন স্টেশনে দায়িত্বরত দুই আনসার সদস্য সাজু ইসলাম ও আব্দুর রাজ্জাক। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনের সামনে থেকে ঐ তিনজনকে টেনে তোলেন তারা।

বুধবার সন্ধ্যায় চিলাহাটি স্টেশনের পরিবেশ ছিল ব্যস্ত। এর মধ্যে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশের ঠিক আগ মুহূর্তে, স্টেশন থেকে প্রায় ১০০ মিটার দূরে আবছা অন্ধকার রেললাইনে দুই শিশু সন্তানসহ এক নারীকে শুয়ে পড়তে দেখেন কর্তব্যরত আনসার সদস্যরা।
মুহূর্তের অসতর্কতায় ঘটে যেতে পারত এক ভয়াবহ ট্রাজেডি। কিন্তু আনসার সদস্য সাজু ও রাজ্জাক কালবিলম্ব না করে লাইনের দিকে ছুটে যান। অসীম সাহসিকতায় স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে তারা মা ও দুই শিশুকে লাইনের ওপর থেকে সরিয়ে নিতে সক্ষম হন।

উদ্ধার করার পর আনসার সদস্যরা আতঙ্কিত ও মানসিকভাবে ভেঙে পড়া ঐ নারীকে শান্ত করে, পরে চিলাহাটি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাকে সান্ত্বনা ও প্রাথমিক সেবা দেওয়া হয়।

উদ্ধার হওয়া ঐ নারীর বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায়। পারিবারিক অশান্তি এবং জীবনের নানা টানাপোড়েন থেকে চরম হতাশায় ভুগছিলেন তিনি। ঐ নারীর স্বামী সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন। এরপর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। দুই সন্তানের ভবিষ্যৎ এবং মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি এই চরম পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গেছে।

ঘটনার পর চিলাহাটি স্টেশন কর্তৃপক্ষের নির্দেশনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। খবর দেওয়া হয় ঐ নারীর পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিকে।
পরবর্তীতে চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভুক্তভোগী নারীর পিতাএবং শ্বশুরের উপস্থিতিতে তাদেরকে পরিবারের জিম্মায় হস্তান্তর করেন আনসার সদস্যরা। পরিবারের সদস্যরা এই মানবিক ও সাহসী ভূমিকার জন্য আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চিলাহাটি স্টেশনে নিয়োজিত আনসার সদস্যদের এই তৎপরতা এখন স্থানীয় মানুষের মুখে মুখে। ঝড়-বৃষ্টি বা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে দেশ ও মানুষের সুরক্ষায় নিয়োজিত এই বাহিনীর সদস্যরা আবারও প্রমাণ করলেন—দায়িত্ব কেবল ডিউটি পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, তা মানুষের জীবন বাঁচানোর এক পরম ব্রত। জীবনের কঠিন মুহূর্তে হতাশা গ্রাস করলেও আত্মহনন কোনো সমাধান নয়। দুই আনসার সদস্যের এই মানবিকতায় আজ তিনটি তাজা প্রাণকে নতুন করে বেঁচে থাকার আলো দেখালো।

ডোমার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সোহেল রানা বলেন, এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ও উপস্থিত জনতা আনসার বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপ, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনের এই ঘটনাটি উজ্জ্বল ও মানবিক দৃষ্টান্ত হয়ে রইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV