নীলফামারীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস কর্মসূচি অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
Sunday, June 14, 2026
18 Time View
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের অধিকার রক্ষা ও শিশুশ্রম বন্ধে জনসচেতনতা বাড়াতে রোববার (১৪ জুন) সকাল ১০টায় শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচিটি আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) নীলফামারী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন হাতে শিশুশ্রমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শিশুদের শিক্ষা ও নিরাপদ শৈশব নিশ্চিত করার দাবি জানান। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি, যা শুধু শিশুদের ভবিষ্যৎই ধ্বংস করে না, বরং জাতির অগ্রগতিতেও বড় বাধা সৃষ্টি করে।
সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের দলনেতা সাখাওয়াত হোসেন, সহ-দলনেতা বর্ষা প্রামাণিক, সদস্য আব্দুল কুদ্দুস উৎস, কুমারী বৃষ্টি রানী রায় এবং টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শিশুশ্রম বন্ধে শুধু আইন থাকলেই হবে না, এর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করা এবং প্রাপ্তবয়স্কদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা জরুরি।
তারা আরও বলেন, সবাইকে একযোগে কাজ করলে ধীরে ধীরে শিশুশ্রমমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
Leave a Reply