1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 19, 2026, 7:11 am

কারিনা কায়সার-এর দাফন আজ, শেষ বিদায়ে শোকের ছায়া

Reporter Name
  • Update Time : Monday, May 18, 2026
  • 9 Time View

তিস্তা টিভি প্রতিবেদক

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা তরুণ কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার-এর মরদেহ দেশে পৌঁছেছে। গতকাল রোববার বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভারতের চেন্নাই থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়।

রাজধানীতে একাধিক জানাজা শেষে আজ সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানাবাড়িতে তার দাফন সম্পন্ন করা হবে। গতকাল সন্ধ্যায় বনানী ডিওএইচএসের একটি মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে এশার নামাজের পর বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা এবং রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা সম্পন্ন হয়। প্রিয় এই মুখটিকে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় করেন ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা, জীবনঘনিষ্ঠ কনটেন্ট এবং স্পষ্টভাষী মনোভাবের মাধ্যমে অল্প সময়েই তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন কারিনা। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি ওটিটি ও নাটকের জগতেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। এই সিনেমাগুলোতে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

মেয়ের জনপ্রিয়তা নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন কারিনার বাবা কায়সার হামিদ। তিনি বলেন,
“কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কারিনাকে যে এত মানুষ ভালোবাসে, এটা আমার জানা ছিল না। দেশের মানুষের ভালোবাসা দেখে আমার গর্ব হচ্ছে।”

একইসঙ্গে মেয়ের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন তিনি। তার ভাষ্য, কারিনা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তবে অন্যায়ের বিরুদ্ধে মাঝেমধ্যে কথা বলতেন এবং সামাজিক সচেতনতা তৈরিতে ভিডিও নির্মাণ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একইসঙ্গে হেপাটাইটিস-এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কয়েক দিন লাইফ সাপোর্টে থাকার পর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত শুক্রবার দিবাগত রাতে চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। তার অকাল মৃত্যুতে দেশের শোবিজ, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, তারকা ও শুভানুধ্যায়ীরা তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV