তিস্তা টিভি ডেস্ক
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সরকারকে অস্বস্তিতে ফেলতে একটি মহল সক্রিয় রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, আন্দোলনে অংশ নেওয়া সবাই প্রকৃত শিক্ষার্থী নন; কেউ কেউ নিজেদের পরিচয় গোপন করে পরিস্থিতিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু গোষ্ঠী বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে সরকারকে বিব্রত করতে চায়। তার দাবি, চলমান আন্দোলনেও এমন ব্যক্তিদের উপস্থিতি রয়েছে, যারা শিক্ষার্থী পরিচয়ে অংশ নিলেও প্রকৃতপক্ষে পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট শিক্ষার্থী নন। তারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করছেন বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার সময় ওই শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
সম্প্রতি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভুল থাকা দুটি প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষামন্ত্রী ইতোমধ্যে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন। ফলে বিষয়টি নিয়ে নতুন করে আর কিছু বলার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।
সরকার শিক্ষার্থীদের আন্দোলনকে কীভাবে মূল্যায়ন করছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনটি খুব বিস্তৃত আকার ধারণ করেনি। তার দাবি, ঢাকাসহ কয়েকটি এলাকায় সীমিত পরিসরে কর্মসূচি দেখা গেছে, তবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে বিষয়টি বেশি আলোচিত হয়েছে।
সড়ক অবরোধের কারণে জনদুর্ভোগের বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দাবি আদায়ে সচিবালয় ঘেরাও, পরীক্ষা স্থগিত কিংবা বিশেষ সুবিধা আদায়ের যে প্রবণতা তৈরি হয়েছিল, তারই কিছু প্রভাব এখনো দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়।
আওয়ামী লীগ সরকারের সময়ের শিক্ষা ব্যবস্থা নিয়েও সমালোচনা করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অটোপাস, অতিরিক্ত নম্বর এবং ব্যাপক হারে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতি শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করেছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে শিক্ষা ব্যবস্থাকে বের করে আনতে কাজ করছে বলে দাবি করেন তিনি।
আন্দোলনে পুলিশি হামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি-ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির বিষয়ে মন্ত্রী বলেন, এসবের অনেকটাই ‘ডিসইনফরমেশন’। তার মতে, প্রকৃত ঘটনা ও বাস্তব চিত্রের বাইরে গিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংক্ষিপ্তভাবে বলেন, “পেছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি।”
Leave a Reply