1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 16, 2026, 6:46 pm

ভাইরাল সেই শিক্ষার্থীকে নিয়ে নতুন তথ্য, মাইলস্টোনের ছাত্রী নন তিনি

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2026
  • 21 Time View

তিস্তা টিভি ডেস্ক

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সূহি (ইবান) এখন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তার বক্তব্য ও কলেজের পরিচয় ব্যবহার নিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে করা ওই জিডিতে বলা হয়েছে, রুবাইয়া মেহজাবিন সূহি একসময় মাইলস্টোন কলেজের ইংরেজি মাধ্যমের বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার কলেজ কোড ছিল ৮০৭৪। তবে পরবর্তীতে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে তাকে কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়।

কলেজ কর্তৃপক্ষের দাবি, টিসি দেওয়ার পর থেকে রুবাইয়া মেহজাবিনের সঙ্গে মাইলস্টোন কলেজের কোনো একাডেমিক বা প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই। তাই বর্তমানে কলেজের শিক্ষার্থী হিসেবে পরিচয় ব্যবহার করার সুযোগও তার নেই।

মাইলস্টোন কলেজের নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম জিডিতে উল্লেখ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুবাইয়া মেহজাবিনকে কলেজের পরিচয়পত্র ব্যবহার করতে দেখা যায়। ওই ভিডিওতে তিনি চলমান এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলন নিয়ে বক্তব্য দেন। তার ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জিডিতে কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সাবেক শিক্ষার্থী হওয়া সত্ত্বেও মাইলস্টোনের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। একই সঙ্গে এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ ঘটনায় কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম তুরাগ থানায় জিডি করেন। জিডিটির নম্বর ৯০৫।

তুরাগ থানা সূত্রে জানা গেছে, জিডিটি গ্রহণের পর বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম রানাকে। তদন্ত শেষে প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV