তিস্তা টিভি ডেস্ক
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রদত্ত শিক্ষক নিবন্ধন সনদ ও নিয়োগ সুপারিশপত্র জাল ও ভুয়া প্রমাণিত হওয়ায় দেশের বিভিন্ন মাদ্রাসায় কর্মরত ১৩ জন শিক্ষকের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) কার্যক্রম স্থগিত করেছে সরকার।
মঙ্গলবার (৩০ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৬’ এর ১৮.১ (গ) ও (ঙ) ধারা অনুযায়ী তাদের এমপিও সুবিধা বাতিল করা হয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের মে মাসের এমপিও শিট থেকে ইনডেক্স নম্বর কর্তন করা হয়েছে এবং এ পর্যন্ত তারা যে বেতন-ভাতা গ্রহণ করেছেন, তা দ্রুত সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়।
এমপিও বাতিল হওয়া ১৩ শিক্ষকের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ, রংপুর, পিরোজপুর, কুড়িগ্রাম, বাগেরহাট, সাতক্ষীরা, কুমিল্লা, গাজীপুর, ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদ্রাসার শিক্ষক।
তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন মো. নুরুজ্জামান (গোলকপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা, সিরাজগঞ্জ), মো. মাহবুব রশিদ (তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কামিল মাদ্রাসা, রংপুর), মো. আব্দুর রহমান ও মো. মাসুম বিল্লাহ (বাটাজোড় আলিম মাদ্রাসা, পিরোজপুর) এবং আরও অনেকে।
সরকারি আদেশে আরও বলা হয়, জাল সনদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কারণে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার হয়েছে, যা গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদেরও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা প্রশাসন বলছে, ভবিষ্যতে এমন অনিয়ম রোধে এমপিও যাচাই-বাছাই প্রক্রিয়া আরও কঠোর করা হবে এবং ডিজিটাল যাচাই ব্যবস্থা জোরদার করা হবে।
Leave a Reply