1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 16, 2026, 6:17 pm

বুধবার মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : Tuesday, June 16, 2026
  • 23 Time View

তিস্তা টিভি ডেস্ক

আগামীকাল ১৭ জুন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনের সফরে মৌলভীবাজারে আসছেন। তার সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। জেলার বিভিন্ন স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত প্রকাশিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার মৌলভীবাজার জেলা সফর করবেন। সফরের প্রধান আকর্ষণ হিসেবে তিনি সরকারের ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। এ কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা আরও সহজ ও সমন্বিতভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে শ্রীমঙ্গলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে মৌলভীবাজার সদরেও একই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

সরকারি কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী মৌলভীবাজারের দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে সফরস্থলগুলো পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানস্থল, সড়কপথ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা, অনুষ্ঠান ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে আমরা কাজ করছি।”

অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। দলীয় কার্যালয় ও গুরুত্বপূর্ণ সড়কে ব্যানার, ফেস্টুন এবং স্বাগত তোরণ নির্মাণের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলা বিএনপির পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা একটি সফল ও স্মরণীয় সফরের প্রত্যাশা করছি।”

দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনেও নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সভাকে কেন্দ্র করে জেলার মানুষের আগ্রহও লক্ষণীয়ভাবে বেড়েছে। ফলে বুধবারের এই সফর মৌলভীবাজারের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV